সব মানুষেরই একটু আলাদা ভুখ না থাকলে ঠিক পোষায় না। শুধু ভালো খানা খাদ্য না, সুখের ভুখ, দুখের ভুখ, মুখের ভুখটাও থাকা লাগে। এই যেমন একটু খেলাম ঠিক আছে, তবু আরেকটু খেতে পারার ইচ্ছা কিংবা দম থাকা লাগবে। নিশান্ত যখন ছোট ছিল তখন তার মামা গোলদার বলতো, একটু ভুখ থাকা লাগে বুঝছস। বড় কিছু করার ভুখ না থাকলে ছোট্ট পোনা মাছ হয়াই মরতে হইবো। একটা কথা মনে রাখিস, পড়ালেখা করলে সেইটা এমনভাবে করবি, যাতে বড় হয়া হ্যাডমওয়ালা কেউ হস। আবার চুরি ছ্যাচরামি করলে এমনভাবে করবি, যাতে চোর হিসেবে তোরে দেশে সবাই এক নামে চিনে। ডাকাইত হইলে হবি খুনখার। এক কোপে কারও কল্লা নামাইতে যেন একটুও বুক না কাঁপে, উল্টা য্যান মনে হয় গলাটা আরেকটু রসায়া রসায়া কাটলে ভালো হইতো।
এসব ভাবতে ভাবতে মরচে ধরা টিনের চালের দিকে তাকিয়ে থাকা নিশান্ত শব্দ করে নিঃশ্বাস ফেলে। একবার তাকিয়ে দেখে তার নিশ্বাসের শব্দে সেতারার ঘুম ভাঙল কিনা। না, ভাঙেনি। উল্টো এই ছিনাল কাপড়চোপড় উদলা করে এমনভাবে ঘুমাচ্ছে, যেন রাজ্যের শান্তি ভর করেছে ওর মনে। অবশ্য শান্তি ভর করবেই বা না কেন? কচকচা টাকার গন্ধ আর বোতলভরা মালের গন্ধের মতো নাকি আর ঘ্রাণ হয় না। নিশান্ত আজ সেতারাকে সে কড়া নেশার মাল টাকার গন্ধের মধ্যে ভালোভাবে ঘ্রাণ নিতে দিয়েছে। তারপর মাগীর মুখে কত মধুর মধুর কথা। বিছানায় ঠেসে ধরে কাপড় খুলে ইচ্ছেমত দলামোচা করলেও শালির মুখের হাসি নষ্ট হয়নি। উল্টো বলে, শুন ট্যাকা যেমনেই আনছো, আসছে। এইটা নিয়া এখন ভয়ও পায়ো না, চিন্তাও কইরো না। লাগলে কয়দিন যায়া অন্য কোথাও পলায়া থাকো।
বিছানায় পরিশ্রান্ত নিশান্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ফিসফিস করে বলে, আমি আবারও পলাইলে তুই থাকবি কেমনে?
সেতারা উত্তর দিয়েছিল, ক্যান বউরে মনে হয় ফালায়া আগে কোনখানে যাও নাই? ট্যাকা থাকলে একলা একলাও ডর লাগে না। বরং ট্যাকা না থাকলেই ডর লাগে। মনে হয় এই বুঝি কুত্তা বিলাই আয়া খায়া ফালাইলো। বুঝ না, ডাকাইতের বউরে সবাই ভাবি ডাকে। পুলিশ যেমন ভাবি ভাবি কয়া বোলায়, আবার ডাকাইতের ওস্তাদও রাইত বিরাইতে আয়া মিঠা কুহু ডাক ছাড়ে, খিলি পান খাইতে চায়।
নিশান্তর চোয়াল শক্ত হয়ে ওঠে। শুয়ে শুয়েই সে একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলে, বুঝছি তোর আশপাশে বুঝি ইদানিং অনেক কোকিল ঘুরঘুর করে। আমার ঘামে ভিজা টাকা, আর তুমি ডাকো কাকা! এসব আমি সইমু না।
রাগে স্বামীকে ফোঁস ফোঁস করতে দেখে কামে ঘামে ভেজা অবস্থাতেই সেতারা জড়িয়ে ধরেছিল নিশান্তকে। কী যে কও না তুমি, কার ঘাড়ে কয়টা মাথা তোমার ঘরের বউয়ের দিকে চোখ দিব? চান্দাবাজ ল্যাংড়া নিশার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আইচ্ছা বাদ দেও না, এসব কথা। তিনদিন পর কই থেইকা আইসা খাওয়া চাইছ, খাওয়া দিছি। তুমি এক হাতে ট্যাকা দিছ, আমি দুই হাতে শরীর দিছি। এখন একটু তুমিও নিশ্চিন্ত ঘুমাও, আমিও ঘুমাই।
নিশান্ত বুঝে পায় না, সত্যি আজ তার ঘুমানো উচিত, নাকি এক্ষুণি পালানো দরকার। সে কথা না বলে চুপচাপ হয়ে যায়। মনে হয় বিপদ ঘনিয়ে আসছে। আসুক। তার আগে একটু দম নিতে চায় সে। একটু ভাবতে চায় সবকিছু নিয়ে। নিশান্ত প্রতিনিয়ত ভাবে, তবু তার ভাবনার ভুখ যায় না। বাসায় ফেরার আগে যে খুনটা সে করেছে, তার আগেও ভেবেছে। ক্ষুর দিয়ে জমির মিস্ত্রির ভুড়িতে যেই না পোঁচ দিলো, ওমনি নাড়িভুড়ি বেরিয়ে গেল। গরু জবাইর মতো রক্ত ছিটকে এসে লাগলো নিশান্তর নাকে মুখে। জমির মিস্ত্রির দুই চোখ তখন বিস্ফোরিত, কাটা মুরগীর মতো পেট ধরে তড়পাচ্ছে ঘরের মেঝেতে। ওই অবস্থাতেই নিশান্ত জোরদার একটা লাথি কষায় জমিরের নাকেমুখে। ক্ষুরের পোঁচটা সে দিয়েছে হিসাব নিকাশের ফেরে, আর লাথিটার মধ্যে যেন জমে ছিল নিশান্তের দীর্ঘদিনের রাগ ক্ষোভ হতাশা আর প্রতিহিংসা। লাথি খেয়ে জমিরের নাক মুখ দিয়েও তখন সমানে রক্ত বের হচ্ছে। সেটা দেখতে দেখতে আবার নিশান্তের ভুখ পেল।
এটা এমন একটা ভাবনার ভুখ, যা এই ধরনের ভুখা ছাড়া অন্যরা টের পাবে না। রক্তে গড়াগড়ি খাওয়া জমিরকে দেখে তার মনে হলো, এ পর্যন্ত সে আসলে কটা খুন করেছে? আঙুল গুণে অন্তত সাতটা। কিন্তু বিভিন্ন থানায় তার নামে মাত্র পাঁচটা খুনের মামলা আছে। বাকি খুনগুলোর কথা কুত্তা পুলিশগুলো টেরই পায়নি। এটা সত্যি, যুবক বয়সে প্রথম খুনটা যখন ও করে, তখন প্রচণ্ড ভয় আর অপরাধ বোধ ঘিরে ধরেছিল নিশান্তকে। তখন নিশান্ত এত ডেয়ারিং হয়ে ওঠেনি। রাজশাহীর দিকে একটা সর্বহারা গ্রুপের সঙ্গে তার ওঠাবসা। নামে গ্রুপটা সর্বহারা হলেও, কাজে তারা সর্বসিদ্ধ। অস্ত্রবাজি, চাঁদাবাজি, চোরাচালান, মাদক, ডাকাতিসহ সব কিছুতে ভাগ। গ্রুপের মাথা ছিল আইজল মাস্টার। এক সময় লাল পতাকা নিয়ে গ্রামে গঞ্জে ঘুরতো মানুষটা। কিন্তু স্বাধীনতার পরে ঠেকতে ঠেকতে আপন সব মানুষের রক্তের লালে স্নান করে নিজে রক্তবীজ হয়ে উঠেছে।
আইজল মাস্টারের গ্রুপের সঙ্গে নিশান্ত ভিড়েছিল নিজের গ্রাম থেকে মারামরি করে পুলিশ কেস খেয়ে পালানোর পর। কিছুদিন গোলদার মামা ঢাকায় এক মেসে নিয়ে লুকিয়ে রাখলো। তারপর সেই মেসেরই একজনের সঙ্গে ভাব হয়ে নিশান্ত চলে গেছিল রাজশাহীর পবা। তারপর নানা ঘাটে ঘুরে ফিরে আইজল মাস্টারের দলে। সেখানে নিশান্ত অস্ত্র যেমন পেলো, তেমনি পেলো ভোল পাল্টানোর বস্ত্রও। পেলো আগ্রাসনের ভুখ মেটানোর ক্ষমতা। দিনে দিনে নিশান্তের সে ভুখ এত বাড়তে থাকলো যে, মনে হতে লাগলো ও সব চেটেপুটে খেয়ে ফেলতে চায়।
আইজল মাস্টার লোকটা শিক্ষিত ছিল। নিজেদের দলের কাউকে সরিয়ে দিতে হলে সে মাঝে মাঝেই নানা জ্ঞান ঝাড়তো। ভুখা নিশান্ত কিছু কথা বুঝতো, কিছু বুঝতো না। যেমন একদিন আইজল মাস্টার হাসতে হাসতেই বলেছিল, শোন গণ্ডমুর্খের দল। অনেক অনেকদিন আগে কুরুক্ষেত্র নামে একটা জায়গায় বিরাট যুদ্ধ হয়েছিল। হিন্দুদের কৃষ্ণরে চিনিস না? সে ছিল ওই যুদ্ধের এক মাথা। যুদ্ধটা হইছিল একই পরিবারের দুই ভাইয়ের বংশের মধ্যে। আর কৃষ্ণ আছিল পাণ্ডব নামে এক বংশের পোলা অর্জুনের বুদ্ধিদাতা। তো যুদ্ধের সময় হঠাৎ অর্জুন দেখলো, সে যুদ্ধে নাইমা যাগো গলা কাটতেছে সবাই তো তার আপনজন। অর্জুন ভাবলো, আপনজনের রক্তে কেমনে সে হাত রাঙাইবো? বলদ অর্জুনের হাত অবশ হয়া আসতেছিল। সে বুঝতেও পারতেছিল না, এখনই ওই পক্ষ থেইকা কেউ আইসা এত কিছু না ভাইবা তারে উল্টা খুন কইরা রাইখা যাইতে পারে। এই পরিস্থিতিতে চিকনা বুদ্ধির কৃষ্ণ তারে বললো, শুন অর্জুন, মনে রাখবা যুদ্ধ ছাড়া যোদ্ধার কাছে পবিত্র আর সঠিক কিছু নাই। সুতরাং হে পার্থ কাতর হইও না। এমন পৌরষহীনতা তোমাকে শোভা পায় না।
নিশান্তসহ অন্যরা যেদিন বুঝতে পারেনি কৃষ্ণ আসেল পার্থ কারে বলেছে। পার্থ কি কারো নাম? তবে এ টুকু বুঝেছে, যুদ্ধে নেমে টিকে থাকতে হলে আপন পর এতকিছু ভাবতে হয় না। তিন বছর পর ওই গ্রুপের বিরোধী শিবিরের সঙ্গে যোগ দিয়ে যখন নিশান্ত আইজলের গলাতেই রাম দা ধরলো, তখন মাস্টারের সেই যুদ্ধের গল্পটার কথা মনে হয়েছিল। আইজল মাস্টার করুন চোখে তাকে বলেছিল, তোরে আমি আশ্রয় দিলাম প্রশ্রয় দিলাম, সেই তুই আজ আমার মতো আপন মানুষরে মারতে চাস?
নিশান্ত ভয়ঙ্কর হাসি হেসে বলেছিল, সেই যে কৃষ্ণ আর অর্জুনের গল্পটা কইছিলেন আপনি মনে নাই? যুদ্ধের ময়দানে আপন আর পর কি?
আইজল মাস্টারকে খুনের পর তীব্র এক অনুশোচনা বোধ ও অজানা ভয় নিশান্তের মনে চেপে বসেছিল। কিন্তু আরও ক্ষমতাধর হওয়ার ভুখ, অবশ্য ওই ভয়কে ছাপিয়ে যেতে পারছিল না। এরপর রাজশাহী থেকে পালিয়ে পাবনা, খুলনা হয়ে এ ঘাটে ও ঘাটে ঘুরতে ঘুরতে ঢাকা। এরইমধ্যে মারামারি করে এক পায়ের গোড়ালি ভেঙেছে। নিশান্ত থেকে সন্ত্রাসীর খাতায় নাম উঠেছে ল্যাংড়া নিশি বলে। অতঃপর রাজনৈতিক আশ্রয় প্রশয়ে নিশান্তের ক্ষমতা আর টাকার ভুখ বেড়েছে শতগুণ।
আজ এই নিশুতি রাতে সেতারার পাশে শুয়ে কেন হঠাৎ নিশান্তের ভয় লাগতে লাগলো! কেন মনে হচ্ছে সেই খাই খাই রঙের ভুখটা মরে আসছে। মুখের ভিতর কষটে ভাব আর জিভের তলায় একটা তেতো স্বাদ। হ্যাঁ, আজ সে তার দীর্ঘদিনের গডফাদার জমির মিস্ত্রির ভুড়ি নামিয়ে দিয়ে এসেছে। হারামজাদার ট্যাক থেকে নিয়ে এসেছে নগদ বারো লাখ টাকা। কিন্তু এ নিয়ে তো কোন অনুশোচনা তার হচ্ছে না। তবে ভয় করছে কেন? খুনের ঘটনা এতক্ষণে জানজানি হয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে যাবে বলে! নাকি সেতারা গন্ধময় জীবনটা আর থাকবে না এই ভেবে!
অথচ সেতারা যে তার টাকা খেয়েই তলে তলে এই ঘর ফুটো করছে তা জানতে নিশান্তের বাকি নেই। তার দলেরই কত কোকিল কত রাতে এসে সেতারার দরজায় কুহু ডাক দেয়, সেটাও নিশান্ত শুনেছে। তবে এই লাইনে দল চালাতে গেলে এক আধুটু ছাড় যে দিতে হয় সেটা নিশান্ত বুঝে গেছে। তবুও অজানা এক ভুখ বারবার ওকে সেতারার কাছে টেনে নিয়ে আসে। হারামজাদির উদাম বুকে হাত রেখে নিশান্ত শিহরিত হয়। মনে হয় ছোটবেলার ওই গোলদার মামার কথা।
মামা তেমন সফল কেউ ছিলেন না। জেলা আদালতে বিভিন্ন দালালি-টালালি করে জীবন চলতো। এই আসামিরে ওই উকিলের কাছে নিয়ে যাও। ওই মামলার জাল সাক্ষী দরকার, ভূয়া লোক ম্যানেজ করো। এ জাল দলিল কাগজপত্র বানাবে, কায়দা করে তার কাছে ওরে নিয়ে যাও। এসব আরকি। এমন ছিঁচকে দালালি করেই বেটে-খাটো মেটাসোটা মানুষটার চলে যেত। নিশান্তদের বাড়ি আসতো সেই মামা তার মায়ের সঙ্গে দেখা করতে। গোলদার মামা মায়ের আসল ভাই ছিল না। বাপের বাড়ির দিকের নাকি কেমন আত্মীয়। যখন তার বাপ বাড়ি থাকতো না, নিশান্ত খেয়াল করেছে তখন কেন যেন ডাক পড়তো গোলদার মামার। মা নিশান্তর হাতে একটা পয়সা দিয়ে বলতেন, যা খেলে আয়। তারপর মামাকে নিয়ে তিনি ঘরের ভিতর চলে যেতেন দরজা বন্ধ করে। নিশান্তর অনেকদিনই মনে হয়েছে, মা আর মামা কী এমন কথা বলেন একা একা তা একদিন দেখতে হবে। দু’জনের কথা শুনতে প্রচণ্ড ভুখ পেতো নিশান্তের। কিন্তু সেই ভুখ সাহসের অভাবে কোনদিন মেটাতে পারেনি সে।
বহুদিন স্মৃতির কোণে কোণে মা আর ওই কেমনতর মামার অজানা কথা শোনার ভুখ নিশান্তের পেটে গুড়গুড় করেছে। বড় হয়ে যখন সব বুঝতে শিখলো, সন্দেহ করতে শিখলো, তখন ভুখটা যেন একটু একটু বুঝে আসলো। কোন পুকুর ঘাটে কোন কচি মেয়েটা ভেজা কাপড়ে স্নান করে। কোন বাড়ির বউ বাথরুমে ঢুকলে ফুটো দিয়ে একটু দেখা যায়। কোন ছাত্রী স্কুলে যাওয়ার সময় বুক পাছা দুলিয়ে হাঁটে সব ভুখার মতো খেয়াল রাখতো সে। বয়স যত বাড়লো, নিশান্তের পেটের মতো শরীরের ভুখও বাড়লো তত। যৌবনকালে এক বসায় দুই তিন প্লেট বিরিয়ানি সারাড় করতে পারতো সে। মেয়ে মানুষকে সামলাতে পারতো এক রাতে তিন-চারবার। তবু ভুখ যে যায় না।
রাজশাহী থাকাকালেই একবার আইজল মাস্টারদের গ্রুপের সঙ্গে মধ্য রাতে ডাকাতির জন্য হানা দিয়েছিল এক বাড়ি। নিশি রাত, বাঁকা চাঁদ যখন উঠলো আকাশে; তখন নিশান্তসহ মুখবাঁধা ডাকাতরা বাড়িটাকে নিঃশব্দে নানাদিক থেকে ঘিরে ফেলেছে। ওদের টার্গেট টাকা পয়সা, সোনার গহনা। কেউ বাধা দিতে আসলে খুন করতেও দ্বিধা করবে না। কাটা বন্দুক হাতে নিশান্ত পা টিপে টিপে একটা জানলার দিকে এগিয়ে গিয়েছিল। তখন মৃদু বাতাস বইছে, ছায়া ছায়া নারকেল গাছের পাতাগুলো কাঁপছে তিরতির। কোথাও একটা কুকুর ডেকে উঠলো। তার সঙ্গে পাল্লা দিয়ে টিকটিক করে উঠলো কোন টিকটিকি। হঠাৎ নিশান্ত শুনতে পেয়েছিল ঘরের ভিতর থেকে যেন অদ্ভূত এক গোঙানির আওয়াজ। নেশাময় সে আওয়াজ এমন মদিরাসিক্ত যে তার আকর্ষণ অমোঘ। সাবধানে জানালার চিকন ফাঁক দিয়ে আবছা অন্ধকারে চোখ রেখেও নিশান্তর সারা গা কাঁটা দেয়। অন্ধকারে একটা পূর্ণাঙ্গ নারী দেহকে জড়িয়ে ধরেছে জান্তব কিছু। ওরা কখনও এক হচ্ছে, কখনো পরস্পর থেকে দূরে সরছে। সব মিলে বিছানার ভাঁজে চলছে দেহের নিপুন ছলাকলা। সেখান থেকেই মাঝে মাঝে ভেসে আসছে নারী কণ্ঠের আবেদনমাখা গোঙানির শব্দ। ছায়া ছায়া অন্ধকোরে পুরো দৃশ্য দেখা যায় না, তবে অবয়ব বোঝা যায় ঠিক ঠিক।
তুমুল উত্তেজনাপূর্ণ এই দৃশ্য দেখতে দেখতে নিজের অজান্তেই নিশান্ত যখন প্রচণ্ড ভুখে ঘামছিল, হাঁপাচ্ছিল, তখন পেছনে আইজল মাস্টার এসে কখন দাঁড়ায় খেয়াল করেনি। আইজল কাঁধে হাত রাখতেই নিশান্ত চমকে ওঠে। ঘাড় ধরে নিশান্তকে টেনে আইজল নিয়ে এসেছিল দূরে। তারপর চিবিয়ে চিবিয়ে বলেছিল, লুকিয়ে লুকিয়ে অন্যের ক্রিয়াকলাপ না দেখে, শরীরে যদি এত ভুখ লাগে তাহলে যেন বেশ্যাপাড়ায় যায়। তারা এসেছে ডাকাতি করতে, দরজা ভেঙে ঘরে ঢুকে সব লুটে নিয়ে যাবে ব্যাস। এর বেশিকিছু হবে না।
নিশান্ত সেদিন আর এ নিয়ে কথা বাড়ায়নি। সহজভাবেই লুটপাট চালিয়েছে তারা। অস্ত্রের মুখে গেরস্থ বাধা দেওয়ার সাহসই পায়নি। তবে ডাকাতদের দেখে ঘরের বউটি যখন ভয়ে শিউরে উঠছে, তাকে দেখে নিশান্তের চোখে অন্ধকারের সেই গোঙানির স্মৃতি ভেসে উঠেছিল। প্রচণ্ড ভুখে সে মনে মনে এমন তড়পাচ্ছিল যে, একটা মেয়েমানুষ হলেই তার চলবে। সেই স্মৃতি ধরে রেখে এরপর বহু বেশ্যার বিছানায় গেছে নিশান্ত, কিন্তু ভুখ মেটেনি। অবশেষে একরাতে ভুখ মিটলো সেতারাতে। ওই রাতে অন্তত পাঁচবার সেতারাকে ধর্ষণ করে যেন বহুদিন পর নিশান্তের মনে হয়েছিল, ভরপেট খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে সে ঘুমাতে যাচ্ছে।
ঢাকায় এসে সেতারাকে নিশান্ত দেখেছিল বস্তিতে। রাজনৈতিক ছত্রছায়ায় তখন নিশান্ত বেশ ক্ষমতাবাজ। গার্মেন্টসে কাজ করা সেতারা দেখেই ওর একদিন ভুখ লাগলো। মনে হলো, গোলদার মামা তার ফিচকে হাসি হেসে কানে কানে এসে বলছে, কিরে ভুখ লেগেছে? সত্যি সেতারাকে দেখে নিশান্তের এমনই ভুখ লেগেছিল যে, একদিন দলবল নিয়ে মেয়েটাকে তুলে নিয়ে এসেছিল ডেরায়। তারপর যা হওয়ার তাই হলো আরকি। তবে যে মেয়ে এভাবে তার ভুখ মিটিয়েছে তাকে নিশান্ত ফেলে দেয়নি। ধর্ম মেনেই বিয়ে করে সংসার পেতেছে। কিন্তু তখন কে জানতো, নিশান্তের ভুখ মেটাতে গিয়ে সেতারা নিজেও ভুখা পড়ে যাবে!
যতরকম চাঁদাবাজি, অস্ত্রবাজির লাখ লাখ টাকা এনে নিশান্ত তুলে দিয়েছে সেতারার কাছে। বিনিময়ে সেতারা তার সংসারের হাড়িতে রসিয়ে রসিয়ে রান্না যেমন চাপিয়েছে, তেমনি কষিয়ে কষিয়ে এদিক সেদিক টাকা উড়িয়েছে দেদার। এর পরিবর্তে শুধু মাঝে মাঝে নিশান্ত ঘরে হানা দিলে শরীরের ভেতর শরীর জড়ানোর সুখটুকু পেতো। তবে তার জন্যও প্রতিনিয়ত নিশান্তকে আনতে হয়েছে টাকা। কখনো কখনো নিশান্তের মনে হয়েছে, সেতারা যেন মানুষ না আস্ত একটা কুয়া। টাকার এত ভুখ ওর যে, যত নোট ফেলাই হোক না কেন, মেয়েটার পেট তবু ভরে না। উঠতে টাকা চাই, বসতে টাকা চাই, শুতে টাকা চাই, কাপড় খুলতেও টাকা চাই। নিশান্ত অবশ্য মনে মনে নিজেকে বুঝিয়েছে, তোমার আছে টাকার ভুখ, আর আমার শরীরের। সেতারা আমার শরীরের ভুখ মেটাবে, আর আমি মেটাব ওর টাকার। এই নিয়েই চলছিল দেনা পাওনা। কিন্তু খেতে খেতে চরম পেটুকেরও তো এক সময় ক্লান্তি আসে, অরুচি ধরে। নিশান্তের কি আসলে তাই হয়েছিল?
এই তো সেদিন আরও টাকা নিয়ে সেতারার সঙ্গে নিশান্তের হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। শেষ পর্যন্ত নিশান্ত রাগে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। এর মধ্যেই কত ঘটনা ঘটে যায়, জানাজানি হয়ে যায় কতকিছু। দলীয় কোন্দলে জড়িয়ে পড়া নিশান্তের ভুখ যেন ক্রমেই মরে আসছিল। না শুনতে চাইলেও সেতারার নানা কেচ্ছা কাহিনীর মশলা এসে উপস্থিত হচ্ছিল তার সামনে। সেই মশলারই একটা উপাদান জমির মিস্ত্রি। নিশান্ত শুনেছে, জমির একদিকে তাকে দুধ কলা দিয়ে পুষেছে নিজের স্বার্থে, অন্যদিকে গোপনে নিজের ভুখ মেটাতে ডুব দিয়েছে সেতারার কুয়ায়। কোন্দল থেকে বের হতে এমনিতেই জমিরকে সরিয়ে দেবে বলে ঠিক করেছিল নিশান্ত। তার উপর সেতারার বিষয়টা জানার পর ঠিক করেলো, ভুখার ধন দিয়েই না হয় আরেক বুবুক্ষের ভুখ মেটানো যাক। সেই অনুযায়ী, ক্ষমতাবান জেনেও আজ সন্ধ্যার দিকে জমিরের ভুড়িটা ক্ষুর দিয়ে নামিয়ে দিয়েছে সে। কিন্তু নিশান্ত এও জেনেছে, এবার পুলিশে ধরা পড়লে তার আর বেঁচে ফেরার পথ নেই। কোনো সকালে ঠিক কোনো নর্দমার পাশে তার লাশ পাওয়া যাবে।
পুলিশ নিশান্তকে ধরতে এলো ভোর রাতে। বিছানায় আধ উদলা অবস্থায় সেতারা তখন নাক ডাকছে। কিন্তু নিশান্ত ঘুময়নি। খাটের নিচে থাকা মদের বোতল গোটা রাতে একটু একটু করে শেষ করেছে সে। ভেবেছিল সামান্য খাবে। কিন্তু মদ খেতে খেতে মনে হলো, কোন ভাবেই যেন ভুখ মিটছে না। তারপর একের পর এক গলায় ঢেলে চলা। এখন বুঝছে, ভুখের চোটে আসলে একটু বেশিই পান করে ফেলেছে। নিশান্তের হঠাৎ কান্না পাচ্ছিল। জমিরের হয়ে কী কী আকাম কুকাম করেছে সেসব সিনেমার মতো ভাসছিল চোখে। পুরনো একটা ছেঁড়া ফাড়া কাগজে সেতারার পাওনার হিসাব লেখা। ঘরের ভিতর মনে হচ্ছিল, সেই অংকগুলো দুলছে, বাসছে। নিশান্ত বিড় বিড় করে, কিছু একটা করতে হইব। ভুখা থাকতে থাকতে মইরা যাওয়া কামের কথা না।
পুলিশ যখন ভোর রাতে নিশান্তকে ধরতে এলো, তখন সে এক দৃষ্টে তাকিয়ে ঘুমন্ত সেতারার দিকে। এলোমেলো ব্লাউজের ফাঁক দিয়ে মেয়েটার আধ খোলা ফর্সা বুক দেখা যায়। শ্বাসের সঙ্গে সেই বুক ওঠানামা করে। নিশান্ত সেতারার গায়ে হাত রেকে সামান্য ধাক্কা দিয়ে তাকে জাগাতে চেষ্টা করে। মুখের কাছে মুখ নিয়ে বলে- শুনছস, আমার যদি কিছু হয়, ধর আমি যদি দূরে কোথাও চইলা যাই, থাকতে পারবি?
ঘুমের মধ্যেই সেতারা বিরক্ত হয়ে উত্তর দেয়- ধুর, থাকতে পারমু না ক্যান। আলবৎ পারমু। মাসে মাসে খালি ট্যাকা পাঠাইও।
মদিরাক্রান্ত নিশান্তের মুখে অস্ফুট শান্ত হাসি ফোটে। বাইরে থেকে কারা যেন হাঁক দেয়, এই ঘরের ভিতর কে আছিস, দরজা খোল। নিশান্ত বুঝতে পারে, যা করবার তা দ্রুত করতে হবে। ভুখ আমাকে যেমন কোনদিন ছাড়বে না, তেমনি সেতারাকেও না। সুতরাং পৃথিবীতে বুভুক্ষের দলে তীব্র প্রতিযোগিতা বাড়ানোর কোন অর্থ হয় না। আর পুলিশ তো তাকে খুনের জন্যই ধরতে এসেছে। সুতরাং এক খুনে যা শাস্তি, দুই খুনেও তা।
বাইরে থেকে আবার হাঁক আসে। দরজা না খুললে এখনই লাথি পড়বে। এত শব্দ, এত চিৎকার, তবু চারদিকে মনে হয় অদ্ভূত নিদারুণ দৈন্য। অথচ সেতারা তখনও তার সুখনিদ্রা থেকে জাগেনি। নিশান্ত দরজা খোলার চেষ্টাও করে না। বরং অনেকটা হাসতে হাসতেই স্ত্রীর আলুথালু উদাম বুকে একটা ছুরি বসিয়ে দেয়।

